
ঠাকুরগাঁও প্রতিনিধি, আড়ংয়ের আয়োজনে শুরু হয়েছে মাসজুড়ে চলা বর্ণিল অনুষ্ঠান “উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫: কারুশিল্পের উৎসব”। বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প এবং কারুশিল্পীদের দক্ষতা উদযাপনের এই আয়োজনে থাকছে শিল্প, খাবার, সংগীত ও প্রযুক্তিনির্ভর নানা অভিজ্ঞতার এক প্রাণবন্ত সমাবেশ।
ডিসেম্বরজুড়ে আড়ং তেজগাঁও আউটলেট সাজানো হয়েছে উৎসবস্থল হিসেবে। জামদানি, নকশীকাঁথা, হ্যান্ড এমব্রয়ডারি, রিকশা আর্ট, গহনা প্রায় ৫ দশকের ধারায় আড়ংকে গড়ে তোলা গ্রামের কারুশিল্পীদের গল্প ও শ্রম এখানে উঠে আসছে সামনে। উৎসব উপলক্ষে প্রতিদিন রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে আউটলেটটি।
উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫-এ প্রতি সপ্তাহেই থাকছে আলাদা থিম-পিঠা উৎসব, ঠান্ডা বিটস, বিয়ে উৎসব, আর দেশের শীর্ষ শিল্পীদের কনসার্টে সাজানো একটি গ্র্যান্ড ফিনালে। পুরো আয়োজনে পরিবার-বান্ধব পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য রয়েছে পিঠা, ফুচকা, চটপটি, কাবাবসহ জনপ্রিয় স্ট্রিট ফুডের ফুড কার্ট, শিশুদের জন্য কিডস জোন, টেরাকোটা টেলসের কার্নিভাল গেমস,বড় শিল্পীদের লাইভ মিউজিক ও ডু-ইট-ইয়োরসেলফ ক্রাফট কর্নার।
নতুনভাবে সাজানো aarong.com জোনে দর্শনার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্মের অভিজ্ঞতাও দেখতে পাবেন নতুন রূপে।
আড়ংয়ের পাশাপাশি ব্র্যাকের অন্যান্য সোশ্যাল এন্টারপ্রাইজও রয়েছে উৎসবে আড়ং অরিজিনস, আড়ং ডেইরি, ব্র্যাক হেলথকেয়ার এবং অতিথি। সব মিলিয়ে কারুশিল্প, সংস্কৃতি, স্বাস্থ্য ও সাসটেইনেবল ব্যবসার অভিন্ন উপস্থিতি উৎসবটিকে করেছে আরও সমৃদ্ধ।
আয়োজনটি আড়ংয়ের টেকসই উন্নয়ন ও সামাজিক প্রভাবের অঙ্গীকারকে সামনে আনে, আর ক্রেতাদের সাথে প্রতিটি পণ্যের পেছনের কারুশিল্পীর গল্পের সেতুবন্ধন তৈরি করে।