
এস এম হুমায়ুন জেলা প্রতিনিধি বাগেরহাট।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ জোকা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার দুপুরে অগ্নিকান্ডে জোকা গ্রামের নিলু বেগম, ফিরোজা বেগম ও জাহাঙ্গীর আলমের ঘরে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে বাধ্য হন তারা। হঠাৎ আগুনে সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়া এসব পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে ছুটে যায় বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কম্বল, তাবু, খাদ্য সহায়তা ও প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনাস্থলে পৌঁছান বাগেরহাট রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, নির্বাহী সদস্য মো. আল-আমীন সরদার, শরিফুল ইসলাম জুয়েল, যুব প্রধান নাইমুর রহমানসহ অন্যান্য সদস্যরা। শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে রেড ক্রিসেন্টের সদস্যরা তাদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক সহায়তা তুলে দেন।
বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল বলেন, অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো এ পরিবারগুলো অত্যন্ত অসহায় অবস্থায় আছে। রেড ক্রিসেন্ট সবসময় দুর্যোগে মানুষের পাশে থাকে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
