
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর সরকার পাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম (বিলাত), সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম (স্বপন) সরকার, বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান (জুয়েল) এবং সাবেক প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলী।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে পারে। বিএনপি চায় দেশে এমন নির্বাচন হোক যেখানে জনগণের ভোটের মূল্যায়ন হবে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ থাকবে, এবং জনগণ যার পক্ষে রায় দেবে সেই নেতৃত্ব রাষ্ট্র পরিচালনা করবে।”
তিনি আরও বলেন, “দেশের উন্নতি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন রূপরেখা আজ সময়ের দাবি। এতে আছে সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কর্মসংস্থান, নিরাপদ কৃষি, বিনিয়োগ ও মানুষের ধর্মীয় অধিকার রক্ষার নিশ্চয়তা।”
বিশেষ অতিথি আরিফুল ইসলাম (বিলাত) তার বক্তব্যে বলেন, “দেশে ইসলামী মূল্যবোধ, মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় বিএনপি সবসময় এগিয়ে ছিল এবং থাকবে। আমরা সকলেই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ইবাদতের জায়গা নয়, নৈতিকতার শিক্ষা ও সমাজ উন্নয়নের কেন্দ্র।”
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
উপস্থিত সকল অতিথিবৃন্দ মসজিদ নির্মাণে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় অনুশাসন, সামাজিক সম্প্রীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
