পলাশবাড়ীতে শ্বশুর-শাশুড়িকে নির্যাতন করা সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত।
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষিকা উম্মে মাহবুবা খানম সোমাকে অবশেষে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত ওই অফিস আদেশে জানানো হয়, উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে মাহবুবা খানম সোমার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা (দণ্ডবিধির একাধিক ধারায়) বিচারাধীন থাকায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই আদেশ গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী কেবল খোরপোষ ভাতা পাবেন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
উল্লেখ্য, উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাহবুব ইসলাম দোলন ও ৭০ বছর বয়সী হাসনা বেগম দীর্ঘদিন ধরে নিজ ছেলে হাসানুর রহমান ও প্রধান শিক্ষিকা পুত্রবধূ সোমা আক্তারের হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন দীর্ঘদিন। ভুক্তভোগী বৃদ্ধ দম্পতির অভিযোগ, পৈত্রিক সম্পত্তি লিখে নেওয়ার পর থেকেই তাদের ওপর অবহেলা ও নির্যাতন চরম আকার ধারণ করে।
গত ৭ জানুয়ারি অসুস্থ অবস্থায় তারা চিকিৎসার জন্য বাইরে গেলে, সুযোগ বুঝে তাদের লেপ-তোষক ও প্রয়োজনীয় আসবাবপত্র ঘর থেকে বের করে বাইরে পানিতে ভিজিয়ে রাখা হয়। হাড়কাঁপানো শীতে এমন অমানবিক ও নিষ্ঠুর আচরণের ছবি ও সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র জনরোষ এবং ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনাটি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ও পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধ দম্পতির নিরাপত্তা ও থাকার ব্যবস্থা নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ ইতিপূর্বে অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে গ্রেপ্তার করে। এরই ধারাবাহিকতায় এবার অভিযুক্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন শিক্ষিকার এমন আচরণ সমাজ ও শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক। এই শাস্তিমূলক ব্যবস্থা পারিবারিক মূল্যবোধ রক্ষা এবং প্রবীণদের সুরক্ষায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
মোঃ শরীফুল আজম (বাবু)
10/04/2026
ক্যাপশন প্রধান শিক্ষিকার ছবি।
