কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুবেল মিয়াকে একটি স্কুলে অবরুদ্ধ করে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। এ খবর পেয়ে শিবির সভাপতি সুজন মিয়া ঘটনাস্থলে গেলে সেখানে উপস্থিত হওয়ার পরপরই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান- উপজেলা ছাত্রদল সভাপতি রুবেল পাটোয়ারী, সেক্রেটারি মিজানুর রহমান সাদ্দাম এবং মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ শাখার সভাপতি সোহাগ আহমেদের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় সুজন মিয়া ও শিক্ষার্থী সামির সাখী মাহিনকে এলোপাতাড়ি ঘুষি ও স্টিলের পাইপ দিয়ে আঘাত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা আরোও জানান, ঘটনাস্থলে ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। হামলায় সুজন মিয়ার মাথা ফেটে যায় এবং সামির সাখী মাহিন আহত হন।
ঘটনার পর থেকেই রাজারহাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১১ দলীয় জোট ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা, যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে।// সাইফুর রহমান শামীম
