
নুরনবী জেলা প্রতিনিধি (ভোলা)
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মলংচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হাসান তন্ময় শিকদার এ কর্মসূচির উদ্বোধন করেন। চারা রোপণের মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হচ্ছে। এই সময় মলংচড়া ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
এ সময় মলংচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হাসান তন্ময় শিকদার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে সুস্থ রাখে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে।”
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ বৃক্ষরোপণে অংশ নেন।
এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালু রাখার দাবি জানান।
