
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী জেলার বাঘা থানার চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত মূলহোতা আসামি মোঃ ইসলাম আলী (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ রাজশাহী।
সদর কোম্পানী, র্যাব-৫ এর একটি অভিযানিক দল গত ১৩/০৯/২০২৬ ইং তারিখ রাত ২২:২০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সবজীপাড়ায় জনৈক লাবনী বেগমের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মোঃ আফসার মন্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০৭/০৯/২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ০৪:০০ ঘটিকায় বাঘার জোতকাদিরপুর গ্রামে ইয়ারুলের বসত বাড়ির সামনে অজ্ঞাতনামা ২০-২৫ জন ব্যক্তি মোঃ শিমুল (২৮) ও মোঃ শমজান কে চোর সন্দেহে আটক করে গণপিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিমুলের বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা (৫৭) বাদী হয়ে বাঘা থানায় ২০-২৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৯, তারিখ ০৭/০৯/২০২৬।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে পলাতক ছিল বলে স্বীকার করেছে। উক্ত গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সব ধরনের অপরাধীর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
