
ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রায় ৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল হকের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। নিহত আসাদুল হক উপজেলার ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদ আলীর ছেলে।
গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জের দানাজপুর সীমান্তে পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বিষয়টি আজ সোমবার দুপুরে নিশ্চিত করেন ।
বিজিবি ও স্থানীয়রা জানায়, সীমান্তের ৩৩৩ নম্বর মেইন পিলার এলাকায় ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে তিন বাংলাদেশী গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হকের মৃত্যু হয়।
এ ঘটনার প্রায় প্রায় ৪০ ঘণ্টা পর গতকাল রোববার রাতে তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে মরদেহটি দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি ও পুলিশ।
এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। আটক মোস্তাকিম একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে এবং শ্রী উদা রায় মুনষা নারায়ণের ছেলে। তবে এখনও এই দুইজন ভারতে আটক রয়েছেন।
মো: আসাদুজ্জামান আসাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি
০১৭৬২৮১৬৮৭১, ০১৮১৯৮৬৫৭২৮
১৪.০৯.২০২৬
