সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষকদের ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে।তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। বুধবার বদলির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের আব্দুল্লাহ আল মামুন জানান, “আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।”সোমবার মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার সকালে ওই আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়। আদেশে বলা হয়েছে, বুধবার বিকালের মধ্যে তাকে বদলি হওয়া কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে হবে। অন্যথায় বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
আব্দুল্লাহ আল মামুনের স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে বলে আদেশে বলা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সাংবাদিকদের জানান , “কৃষি বিভাগের উপ-পরিচালকের বদলি হয়েছে। বুধবার নতুন উপ-পরিচালক পদে একজন কর্মকর্তা যোগদান করবেন।” Mobile 01718070388
