
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মুগ্ধ আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক সেবীকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।
এ সময় মাদক সেবনের দায়ে ধর্মকাম সাহাবন্দিগি শেরপুর বগুড়ার সাত্তার বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস (৪০) কে ১ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড এবং উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর ধাউড়ারকুটি গ্রামের আশরাফুলের ছেলে আবু বক্কর(২০) কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানায়, উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন মৃত আলহাজ্ব আব্দুর রশিদের ছেলে আব্দুল আউয়াল বাবুর মুগ্ধ আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চোরাচালানের কেন্দ্রস্থল হিসাবে কাজ করে আসছিলো। দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীরা মুগ্ধ আবাসিক হোটেলে এসে অবস্থান করতেন। উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামের সাইফুর রহমানের ছেলে মুগ্ধ আবাসিক হোটেলের ম্যানেজার রাকিবুল ইসলাম (২৩) শালঝোড় এলাকা দিয়ে ভারতীয় ইয়াবা চোরাচালান করে হোটেলে অবস্থানরত মাদককারবারিদের নিকট পৌঁছে দিতেন। এরপর মাদক কারবারিরা সেই মাদক সংগ্রহ করে নিরাপদে দেশের বিভিন্ন স্থানে চলে যেত। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় হোটেলে অবস্থানরত দুই মাদককারবারিকে মাদক সেবনের সরঞ্জাম সহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল ম্যানেজার রাকিবুল পালিয়ে যায়।
পরে ভ্রাম্যমান আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন সাংবাদিকদের জানান, মুগ্ধ আবাসিক হোটেলে মাদক ইয়াবার একটি বড় চালান হাতবদল হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। হোটেল ম্যানেজার পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ সাংবাদিকদের জানান, নেশাগ্রস্ত হয়ে জনগণের শান্তি বিনষ্টের অপরাধে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
##
সাইফুর রহমান শামীম, ০১৭১৮০৭৩৮৮

