
মো আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলা জেলায় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত খুলে গেল। সদর উপজেলার নবনির্মিত গজনবী স্টেডিয়াম, চরফ্যাশনের মিনি স্টেডিয়াম এবং জেলার আধুনিক সুইমিংপুলের উদ্বোধন ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি তিনটি স্থাপনার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,
“উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০১টি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ভোলার মিনি স্টেডিয়ামটি অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এবং প্রায় দশ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন। দেশের প্রতিটি অঞ্চলে মিনি স্টেডিয়াম নির্মাণ বাস্তবায়নই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং এসবের সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশের ক্রীড়া ইকোসিস্টেমকে শক্তিশালী করতে গত এক বছরে মন্ত্রণালয় দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বিল্লাল হোসেন।
উপস্থিত ছিলেন—
জেলা ক্রীড়া কর্মকর্তা সাফাতুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা নুরুন্নবী, জেলা ক্রিকেট কোচ নজরুল হুদা গোফরান, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রায়সুল আলম, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা সাফাতুল ইসলামের একাধিক কার্যক্রম এবং সার্বিক আয়োজন উপস্থিতদের নজর কাড়ে।
নতুন স্টেডিয়াম ও সুইমিংপুল চালু হওয়ায় ভোলার ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
