
বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির উদ্যোগে দেড় কিলোমিটার সড়ক পরিষ্কার করে ধুলামুক্ত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সহায়তায় পঞ্চগড়–তেঁতুলিয়া মহাসড়কের জগদল বাজার এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির পাশাপাশি স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। সকাল থেকে তারা সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বালুর স্তূপ অপসারণ করেন। এতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং ধুলাবালির কারণে সৃষ্টি হওয়া ভোগান্তি থেকে স্বস্তি পায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
জানা গেছে, জগদল বাজার এলাকায় রাস্তার দুই পাশে বালু জমে থাকায় দীর্ঘদিন ধরে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের নজরে এলে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। জনস্বার্থে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করাই ছিল আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও নাগরিক দায়িত্বমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সড়ক পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, এখন থেকে সংশ্লিষ্ট ইজারাদারদের ডাকা হবে। তারা যদি নিয়মিতভাবে রাস্তা পরিষ্কার না করে, তাহলে ইজারা বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, রাস্তা পরিষ্কার হওয়ায় জগদল বাজার এলাকায় পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়েছে। তারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর দাবি জানান।
পঞ্চগড় প্রতিনিধি
