নিউজ প্রতিবেদন:
ভোলার বোরহানউদ্দিন উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুই অভিযানে মোট ৭৫০ পিস ইয়াবাসহ নারী -পুরুষসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ মে) বিকেলে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একাধিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকায় অভিযান চালায়।
প্রথম অভিযানে বিকেল ৫টা ৫ মিনিটে ল্যাংড়ার ব্রিজ টু লেবু কাটা সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সিরাজ আইটার বাড়ির পূর্ব-দক্ষিণ পাশে থেকে মোঃ শামিম (১৯), পিতা মোঃ শফিকুল ইসলাম-কে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
অপরদিকে, সন্ধ্যায় ৬টা ৪৫ মিনিটে
একই এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়। তারা হলেন—মোঃ জাকির হোসেন (৩৮), পিতা মৃত বাদশা মিয়া এবং তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫)।
দুইটি ঘটনায়ই আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ওসি মোঃ মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ও আটককৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
