পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাড়িয়া এলাকায় পৌরসভার নির্মিত রিটেইনিং ওয়াল (সীমানা প্রাচীর) ও নির্মাণাধীন একটি মাদ্রাসার সীমানা প্রাচীরের কারণে পানি চলাচলের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০টি পরিবার দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে এলাকায় মাদ্রাসা নির্মাণের সময় চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। একই সময়ে মাদ্রাসা সংলগ্ন স্থানে পৌরসভাও একটি রিটেইনিং ওয়াল নির্মাণ করে। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে সামান্য ভারী বৃষ্টিতেই আশপাশের বাড়িঘরের কাছে পানি জমে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, মাদ্রাসাটি আশপাশের ভূমি থেকে প্রায় ১২ ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজের সময় থেকেই পানি নিষ্কাশন নিয়ে উদ্বেগ ছিল। সম্প্রতি ভারী বৃষ্টির পর জলাবদ্ধতা সৃষ্টি হলে বিষয়টি পৌরসভাকে জানানো হয়। পরে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের নির্মিত দেয়ালের প্রায় এক ফুট অংশ ভেঙে পানি বের হওয়ার ব্যবস্থা করে। এতে সাময়িকভাবে পানি নেমে গেলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে তিনি দাবি করেন।
এলাকাবাসীর মতে, শুধু দেয়ালের একটি অংশ ভেঙে দিলে সমস্যার সমাধান হবে না। ভবিষ্যতে জলাবদ্ধতা এড়াতে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা,কালভার্ট বা বক্স ড্রেন নির্মাণ প্রয়োজন।
এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা.ইমদাদুল হক দুলাল বক্তব্য নিতে তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।
পুঠিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোথাও কোনো স্থাপনা জনসাধারণের পানি নিষ্কাশন বা নাগরিক সুবিধার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিকভাবে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থায়ী সমাধানের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও পানি চলাচলের পথ সংকুচিত হয়ে যাওয়াই সমস্যার মূল কারণ। তারা দ্রুত কারিগরি জরিপের মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মিজানুর রহমান
পুঠিয়া প্রতিনিধি,
২০ জুলাই ২০২৬
