

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার কালিগঞ্জের কিশোর জাকির হোসেন এখন দেশের দ্রুততম মানব (কিশোর)। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে তিনি এই খেতাব অর্জন করেছেন। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই তরুণ অ্যাথলেট উপজেলা, জেলা ও বিভাগীয় গণ্ডি পেরিয়ে জাতীয় আসরেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হন জাকির। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তার গলায় পরিয়ে দেওয়া হয় স্বর্ণপদক। পাশাপাশি তিনি ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার লাভ করেন।
জাকির হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাকশিয়ালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তার বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।
জাকির জানান, শুরুতে তিনি ফুটবল খেলতেন। পরে শিক্ষকদের উৎসাহ ও নিয়মিত অনুশীলনে অ্যাথলেটিকসে নাম লেখান। তিনি বলেন, ‘উপজেলা থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে উঠেছি। যখন চ্যাম্পিয়ন হলাম, তখন নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। মোমেন স্যার, বাচ্চু স্যার ও শাহিন স্যারদের সহযোগিতায় আমি আজকের এই অবস্থানে আসতে পেরেছি।’ ভবিষ্যতে বিকেএসপি বা জাতীয় ক্যাম্পে সুযোগ পেয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি।
