ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ওবাইদুর রহমান ২৩৪ ভোট ও সম্পাদক পদে মোহাম্মদ ইয়াছিন মানিক দোয়াত কলমে ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে হাফিজুর রহমান বাবলু পেয়েছেন ১৪২ ভোট। আলতাজ হোছাইন বাঘ প্রতীকে ১৬ ভোট পান।
সহ-সভাপতি পদে আবদুল আলম গোলাপ ফুল প্রতীকে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের নাছির উদ্দিন ১৯২ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকের নুর মোহাম্মদ ১৭০ ভোট পেয়ে হেরে যান।
অন্যদিকে কোষাধ্যক্ষ পদে ঘোড়া প্রতীকের রমজান মিয়া ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ফুটবল প্রতীকের মোহাম্মদ ওয়াহিদ হাসান পেয়েছেন ১৭৯ ভোট।
শনিবার নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। ভোটার ৪২৯ জন ভোটারের মধ্যে ৩৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পরে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দিদারুল ইসলামসহ সদস্য মাস্টার এমরানুল কায়েস ও ডা. আবদুল হামিদ স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটি, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা সমবায় কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।
শাহ-ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ভোটগ্রহণ ও গণনা শেষে নতুন ব্যবস্থাপনা কমিটির নেতৃত্ব নির্বাচিত হওয়ায় ব্যবসায়ীরা সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।
