টাঙ্গাইল প্রতিনিধি (আতিকুর রহমান খোকন): ধনবাড়ীতে সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের অভিযোগ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের ভাষায়, “ধনবাড়ী এখন যেন দ্বিতীয় মোহাম্মদপুর, ত্রাসের রাজত্ব চলছে।”
ধনবাড়ী বাজার, বাসস্টেশন, দর্জি রোড, মিয়াপাড়া, সরদারপাড়া ও মেইন রোডসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে এসে পথচারীদের ব্যাগ, মোবাইল, টাকা-পয়সা এবং নারীদের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
সর্বশেষ ধনবাড়ী বাসস্টেশন এলাকায় এক স্কুলশিক্ষকের ব্যাগ ছিনতাই হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে ১৮ আগস্ট সন্ধ্যায় স্কুলশিক্ষিকা আরতী রাণী দাসের ব্যাগ মোটরসাইকেলে এসে ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া ডা. আনোয়ার শামসুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে প্রজেক্টরসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগও পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সার্কেল অফিসারের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক ঘটনায় ভুক্তভোগীরা মামলা বা লিখিত অভিযোগ করতে এগিয়ে না আসায় পুলিশের আইনগত ব্যবস্থা নিতে সমস্যা হচ্ছে।
ক্রমবর্ধমান চুরি-ছিনতাই ও মাদকসেবীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে দ্রুত পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে তারা ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা বিএনপির সভাপতি, সার্কেল অফিসার এবং ধনবাড়ী থানার ওসির জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।
