
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা:
গাইবান্ধা শহরের সবুজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় সাথী বেগম (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের অভিযানের সময় তার স্বামী ও কথিত মাদক কারবারি প্লাবন মিয়া পালিয়ে যান।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আব্দুল মোত্তালিব সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এবং সদর থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকার কয়েকটি মাদক স্পটে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে প্লাবন মিয়ার বাড়িতে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যান। সাথী বেগমও সেসময় কৌশলে সরে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে প্লাবন মিয়ার বাড়ির উত্তর পাশের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিছানার তোষকের নিচে সাদা পলিথিনে মোড়ানো দুটি নীল রঙের জিপার ব্যাগ পাওয়া যায়। এসব ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই স্থান থেকে একটি সাদা প্লাস্টিকের কৌটায় থাকা আরও ১০০ পিস এবং একটি স্বচ্ছ প্লাস্টিকের কৌটা থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, সব মিলিয়ে ওই বাড়ি থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে খাটের তোষকের নিচে রাখা বিভিন্ন মূল্যমানের নোটে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা পাওয়া যায়। পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া অর্থ মাদক বিক্রির টাকা।
অভিযানের পর পলাতকদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গাইবান্ধা সদর থানার সামনে থেকে সাথী বেগমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাথী বেগমের স্বামী প্লাবন মিয়া (৪০) সবুজপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক-সংক্রান্ত ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানের পর থেকে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার সাথী বেগম ও পলাতক প্লাবন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি ২৯ আগস্ট দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। অভিযানের পর সবুজপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
