
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
তৃণমূল পর্যায়ে স্বল্প খরচে ও দ্রুত বিচারসেবা পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাণীশংকৈল বিএম কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়। কার্যক্রম বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। সভায় গ্রাম আদালতের কার্যক্রম, উদ্দেশ্য ও সাধারণ মানুষের জন্য এর সুযোগ-সুবিধা তুলে ধরেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রাশেদা আক্তার। তিনি বলেন, গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তির মাধ্যমে গ্রামীণ জনগণের বিচারিক চাহিদা পূরণ করা। দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির ছোটখাটো বিরোধের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ছাড়াই এ আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। রাশেদা আক্তার আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে বিশেষ করে নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয় কমার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।
রাণীশংকৈল বিএম কলেজের অধ্যক্ষ আহসান হাবীব নবাবের সভাপতিত্বে সভায় কলেজের শিক্ষক ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা গ্রাম আদালত সম্পর্কে সচেতন হলে তারা শুধু নিজেরাই উপকৃত হবে না, বরং পরিবার ও নিজ নিজ এলাকার মানুষের মধ্যেও এ বিষয়ে সচেতনতা তৈরি করতে পারবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা আরও বাড়বে।
