
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরা শহরের অদূরে বাটকেখালিতে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো -বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণীর ছাত্র লাবিব (৯)।
স্থানীয়রা জানান, সোমবার সকাল নয়টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। বেলা গড়ালেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় এক ব্যক্তি। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক পানিতে নেমে হাতড়ে (তল্লাশি) দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। এরপর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক।
