
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা::
সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর একটি দল তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করা হয়।
পরে তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করার দায়ে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অভিযানে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৬ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি খাতে নকল ও ভেজাল পণ্যের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
