
আবুল হাশেম , রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক পাঁচ ব্যক্তি ও এক নৌকার মাঝির পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এবং চেয়ারম্যান পদপ্রার্থী এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি আটককৃতদের প্রতিটি অসহায় পরিবারের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেন।
ঘটনার সূত্রপাত গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যায়। ওই দিন আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আলাইপুর গ্রামের পাঁচজন পাট ব্যবসায়ী বাংলা বাজার এলাকা থেকে একটি নৌকায় পাট বোঝাই করে আতারপাড়া হয়ে আলাইপুরের দিকে রওনা হন। পথিমধ্যে নৌকার মাঝি ভুলবশত নদীর মাঝামাঝি ভারতীয় সীমান্তের কাছাকাছি এলাকায় চলে গেলে বিএসএফ তাদের আটক করে।
বিএসএফ সদস্যরা ৫ জন পাট ব্যবসায়ী ও নৌকার মাঝিসহ তাঁদের নৌকা এবং নৌকায় থাকা বিপুল পরিমাণ পাট জোরপূর্বক জব্দ করে ভারতে নিয়ে যায়। ঘটনার পর থেকেই আটক ব্যক্তিদের কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উৎকণ্ঠা ও চরম উদ্বেগ বিরাজ করছে।
বিএসএফের হাতে আটক ব্যক্তিরা হলেন:মো. মোশারফ ইসলাম, মো. সাহাবুল ইসলাম,মো. বাবর আলী,মো. আসাদুল ইসলাম, মো সাইফুল ইসলাম (নৌকার মাঝি)।
আটককৃত ৫ শ্রমজীবী ও ব্যবসায়ীর পরিবারগুলো উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছিল। এ সংবাদ পেয়ে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও উদীয়মান তরুণ নেতা এএসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার অবিলম্বে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তিনি ব্যক্তিগত উদ্যোগে ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে যান এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিটি পরিবারের কে এক বস্তা চাল ও নগদ অর্থ প্রদান করে।
এই মানবিক সহায়তার পাশাপাশি শামীম সরকার আটককৃতদের দ্রুত ও নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মহল ও সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জোরালো দাবি জানান।
ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অবহিত করা হয়। বিজিবি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আটককৃতদের দ্রুত ও সসম্মানে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর জোরালো অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো শামীম সরকারের এই সময়োপযোগী ও মানবিক সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন।
