
বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিজয়ের পতাকা মিছিল। মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পঞ্চগড় সরকারি কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, আজকের এই মহান বিজয়ের দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী লাখো শহীদকে। একই সঙ্গে শ্রদ্ধা জানাই সেই সব বীর মুক্তিযোদ্ধাকে, যাদের ত্যাগ ও সাহসের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।
তিনি বলেন, মীর মশাররফ হোসেনের কথার সত্যতা বাংলাদেশের মানুষ গত ৫৪ বছরে বারবার উপলব্ধি করেছে—স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলমান থাকলেও বাংলাদেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করেছে।
নওশাদ জমির আরও বলেন, আজও ষড়যন্ত্র থেমে নেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হত্যার অপচেষ্টা সেই ষড়যন্ত্রেরই একটি উদাহরণ। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের তিনি তীব্র নিন্দা ও ধিক্কার জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বিজয় রক্ষায় সবাই একেকজন সৈনিক। যেকোনো মূল্যে এই বিজয়কে সমুন্নত রাখা হবে।
তিনি বলেন, যেদিন দেশের মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত হবে, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, সেদিনই বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় পূর্ণতা পাবে। সেদিন আমাদের শিশুরা নিরাপদে স্বপ্ন দেখবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।
সমাবেশে তিনি আরও বলেন, সীমান্ত জেলা পঞ্চগড়ের মানুষ হিসেবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব এখানকার মানুষ সবচেয়ে ভালো বোঝে। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালেই স্পষ্ট হয়, যেসব দেশের স্বাধীনতা নেই, সেসব দেশের নাগরিকরা কী ভয়াবহ নিপীড়নের শিকার হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক স্লোগান দেন। একই সঙ্গে বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পঞ্চগড় প্রতিনিধি