মো: নুরনবী বোরহানউদ্দিন প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। মনোনয়নপত্র দাখিল উপলক্ষে তার নির্বাচনী এলাকায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর প্রিয় নেতার নির্বাচনে ফেরার খবরে
বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মনোনয়নপত্র দাখিলের সময় হাফিজ ইব্রাহিমের সাথে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল আগেই হাফিজ ইব্রাহিমের বাসভবন ও স্থানীয় দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোলা-২ আসনের উন্নয়নের রূপকার হাফিজ ইব্রাহিম। তারা তার দীর্ঘায়ু ও নির্বাচনী সফলতা কামনা করেন।
মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম দেশ ও জাতির কল্যাণ এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
দোয়া মাহফিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন:
আমি সবসময় এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করতেই আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। ইনশাআল্লাহ, নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত।”
তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এলাকাবাসীর মতে, হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা এই আসনে নির্বাচনের সমীকরণ বদলে দিয়েছে। সাধারণ ভোটারদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা থাকায় আসন্ন নির্বাচনে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
