
এম এ হানিফ রানা – বিশেষ প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। নির্বাচন হাতছানি দিচ্ছে তার আগমনের বার্তা। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী ধারাবাহিক নির্বাচনী প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গাজীপুর জেলার শহীদ বরকত স্টেডিয়ামে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। একই সময়ে নারায়ণগঞ্জ জেলার ওসমানী পৌর স্টেডিয়ামে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই সমাবেশে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য মনোনীত আনসার-ভিডিপি সদস্য/সদস্যা। গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রায় ২০ হাজার আনসার-ভিডিপি সদস্য/সদস্যা সশরীরে এই সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে মহাপরিচালক মহোদয় নির্বাচনী দায়িত্ব পালনে বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোপরি নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আজ থেকেই আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন মোতায়েন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে”।
তিনি আরও উল্লেখ করেন, “আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত দেড় বছরে দেশের প্রান্তিক পর্যায়ের তরুণদের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সদস্যের জাতীয় পরিচয়পত্রসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। এবারের নির্বাচনে তরুণ ও অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে একটি শক্তিশালী ও দক্ষ মোতায়েন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে”। ভোটকেন্দ্রে প্রত্যেক আনসার সদস্য অটল পাহাড়ের মতো দৃঢ় থেকে দায়িত্ব পালন করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাহিনীপ্রধান বলেন, অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী বাহিনীর এই স্বচ্ছ ও আধুনিক মোতায়েন প্রক্রিয়াকে বিতর্কিত করতে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এসব অপতথ্য ও অপপ্রচার উপেক্ষা করে আনসার ও ভিডিপি সদস্যরা এবারের নির্বাচনে দেশের মানুষের আমানত রক্ষায় ঈমানদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও নির্দেশনা দেন, ভোটকেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে নির্বাচন সুরক্ষা অ্যাপে রিপোর্ট করতে হবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্ট্রাইকিং ফোর্স প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেও তথ্য প্রদান করা যাবে।
সকল প্রকার চাপ, ভীতি ও উস্কানির ঊর্ধ্বে থেকে দেশের পতাকা ও বাহিনীর পতাকা সমুন্নত রাখার লক্ষ্যে সমন্বিতভাবে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য সকল আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক মহোদয়।
