নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৩ মার্চ ২০২৬ পবিত্র রমজানের তাৎপর্য ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর শ্যামলিতে অবস্থিত ‘RED’RES Fast Food & Chinese’ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ শাহরিয়ার আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাগত জীবনে সততা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসজিএস (SGS) বাংলাদেশ লিমিটেড-এর বিজনেস অ্যাসিউরেন্স সার্টিফিকেশন বিভাগের অডিটর মোঃ ফেরদৌস রহমান। তিনি ফুড সেক্টরে কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড ডিপার্টমেন্টের বর্তমান শিক্ষক ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মোঃ নুর আলম। ইফতার মাহফিলে ফুড ডিপার্টমেন্টের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মব্যস্ত জীবনের মাঝেও দীর্ঘদিন পর সহপাঠী ও বড়-ছোট ভাইদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তাদের ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণা করেন এবং পেশাগত জীবনে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন, যাতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং ফুড ডিপার্টমেন্ট পরিবারের সকলের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ছবির ক্যাপশন: ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড ডিপার্টমেন্টের ইফতার মাহফিলে উপস্থিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা।
