মোঃ হাসান ফরাজী (ভোলা):
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ফুটপাত দখল এবং দুই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জমে থাকা ময়লার স্তূপ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে জেলা ও উপজেলা প্রশাসন। আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বাজার এলাকার বর্জ্য উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সংবাদ প্রকাশের প্রভাব ও ডিসি’র নির্দেশনা
সম্প্রতি কুঞ্জেরহাট বাজারের সরকারি ফুটপাত দখল এবং ডিটিএম মাধ্যমিক বিদ্যালয় ও ৪১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ময়লার ভাগাড় নিয়ে
একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ভোলা জেলা প্রশাসক (ডিসি) ডা. শামীম রহমান-এর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে নির্দেশ প্রদান করেন।
সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান
জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়ার পর বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে কুঞ্জেরহাট বাজার পরিদর্শন করেন। আজ সকাল ১০টা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সদস্যদের সাথে নিয়ে তিনি বর্জ্য উচ্ছেদ কার্যক্রম শুরু করেন। দীর্ঘদিন ধরে জমে থাকা পচা আবর্জনা সরিয়ে নেওয়ায় এলাকায় দীর্ঘদিনের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে শুরু করেছে শিক্ষার্থীরা।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন ইউএনও মহোদয় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন:
“শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা সরকারি জায়গায় কোনোভাবেই ময়লা স্তূপ করা যাবে না। বাজার ইজারাদারদের ওপর নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষার্থীরা জানায়, “আজ থেকে আমরা প্রাণভরে শ্বাস নিতে পারছি। এখন আর ক্লাসে বসে দুর্গন্ধ সহ্য করতে হবে না।”
- এলাকাবাসী এবং অভিভাবক মহল প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
