
মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার
পহেলা বৈশাখকে ঘিরে মাদক পাচারের বড় একটি পরিকল্পনা নস্যাৎ করে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এসময় আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হয় যে, পহেলা বৈশাখের ছুটির সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র বড় আকারের মাদক চালান হাতবদলের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস দল ঘটনাস্থলে অবস্থান নিয়ে কৌশলগতভাবে অভিযান শুরু করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—রাশেদ ওরফে রাসেল, সোহেল উদ্দিন ওরফে লালু এবং এহসান উল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, আট রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বড় ধারালো রামদা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো মাদক চালান নিরাপদে পরিবহন ও পাহারার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-১৫ জানায়, উৎসবকে কেন্দ্র করে মাদক পাচারকারী চক্রগুলো অধিক সক্রিয় হয়ে ওঠে। এসব চক্রকে দমন করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেরক:
মোঃ ওসমান গনি (ইলি)
কক্সবাজার
