সাইফুর রহমান শামীম, , কুড়িগ্রাম।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে।
বুধবার (২২ জুলাই) কুড়িগ্রাম শহরে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের আন্দোলনে জীবন দেওয়া মানুষগুলোর খুনিদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। খুনিদের রক্ষার জন্য তারা ট্রাইব্যুনালে নিজেদের পছন্দের লোক বসিয়েছে। ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মসজিদ কমিটিও তারা দখলে নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা বলেছিলাম, আবু সাইদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। কিন্তু তারা আবু সাইদের স্বপ্নকে ভঙ্গ করেছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার সংবিধান, মুজিববাদী সংবিধান ও ভারতীয় স্বার্থ বাস্তবায়নে কাজ করছে। ২০০ আসন পেয়ে বিএনপির পাখনা গজিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার না হলে সেই পাখনা ভেঙে মাটিতে পড়বে।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, এসসিপির আহবায়ক মুকুল মিয়া,সদস্য সচিব মাসুম মিয়া, নারী শক্তির আহবায়ক নাসিরা খন্দকার নিসা সহ জেলা ও স্থানীয় নেতারা।
এর আগে শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বর থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
# mobile 01718070388
