
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গনসংযোগ শুরু করেছেন ফেরদৌস আলম আখন্জি।
তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও জনপদে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন।
স্থানীয় সরকারে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে ফেরদৌস আলম আখন্জি উত্তর শ্রীপুর ইউনিয়নে পরিচিত একটি নাম।
তিনি প্রথমে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে বিভিন্ন প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেন।
পরবর্তীতে তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
গণসংযোগকালে ফেরদৌস আলম আখনজি বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উত্তর শ্রীপুর ইউনিয়নকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, পরামর্শ ও সমর্থন প্রত্যাশা করছি।”
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ফেরদৌস আলম আখন্জিও নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। যদিও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি ইতোমধ্যে দৃশ্যমান।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, স্থানীয় সরকারে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, রাজনৈতিক সম্পৃক্ততা এবং গনসংযোগ কার্যক্রমের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফেরদৌস আলম আখন্জি উত্তর শ্রীপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের আলোচনায় রয়েছেন।
