
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম দাখিল করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর পক্ষে মনোনয়ন ফরম দাখিল করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকার কারণে তাঁর পক্ষে তৃণমূলের একটি অংশ সক্রিয় রয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
সমর্থকদের ভাষ্য, মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁওবাসীর কাছে পরিচিত ও আস্থার একটি নাম। তাঁরা মনে করেন, দলীয় মনোনয়ন পেলে আসন্ন উপনির্বাচনে তাঁকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আরও ব্যাপক সমন্বয় তৈরি হবে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আরও কয়েকজন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলীয় সিদ্ধান্তে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা।
