
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের জোর নির্বাচনী তৎপরতা চলছে। জনসভা, সমাবেশ ও গণসংযোগে প্রার্থীরা উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ বলেছেন, তার নির্বাচনি এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, ধানের শীষের বিজয় ছাড়া দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে ধরে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচিত হলে কানাইদিয়ায় ব্রিজ নির্মাণ, জেঠুয়ার খাল পুনঃখনন এবং জেঠুয়া বাজারে আধুনিক মার্কেট নির্মাণ করা হবে। রোববার বিকেলে জালালপুর ইউনিয়নের জেঠুয়া কাঁচাবাজারে আয়োজিত জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ও নলতা এলাকায় একাধিক নির্বাচনি সভা, নারী সমাবেশ ও শ্রমিক সমাবেশে অংশ নেন। এসব কর্মসূচিতে তিনি বলেন, দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে এবং দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে, যা জাতির জন্য লজ্জাজনক। দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার রক্ষায় সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
একই আসনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলম কালিগঞ্জের উত্তর শ্রীপুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বলেন, কেউ ভোটারদের ভয়ভীতি দেখালে তা জানাতে হবে। তিনি নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন ও আজীবন সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।
অন্যদিকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেছেন, কৈখালীকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য। কৈখালী ইউনিয়নের মুহাজেরীন প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেই টেকসই উন্নয়ন সম্ভব। অতীতে তার সময়ে বাস্তবায়িত অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি ভবিষ্যতে শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের মাধ্যমে একটি মডেল কৈখালী গড়ে তোলার আশ্বাস দেন।
নির্বাচন ঘিরে প্রার্থীদের ধারাবাহিক জনসভা ও প্রতিশ্রুতিতে সাতক্ষীরার চারটি আসনেই ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
