ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বার্ষিক বিজ্ঞান মেলা, বির্তক প্রতিযোগিতা, স্কুল ডে ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সেন্ট মাদার তেরেজা স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আজ রোববার দুইদিন ব্যাপি এসব কর্মসূচির আনুষ্ঠানিক সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার।
এতে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি ম্যানেজার পিকিং চাম্বুগং, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সেন্ট মাদার তেরেজা স্কুলের প্রধান শিক্ষক সিস্টার স্বপ্না গমেজ (সিআইসি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও মিশনের পাল পুরোহিত ফাদার জসীম ফিলিপ মুর্মু।
এসময় সেন্ট মাদার তেরেজা স্কুলের ইংরেজি ও সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক আবদুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা -কর্মচারি ও শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘনেশ্বেম বর্মন, সেন্ট মাদার তেরেজা স্কুলের প্রধান শিক্ষক সিস্টার স্বপ্না গমেজ (সিআইসি)।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরো বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরো বেশি বন্ধু সুলভ ও যত্নশীল হওয়ার আহবান জানান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানটির যত্ন আপনাকেই নিতে হবে। আপনার সন্তান টি স্কুলে যাচ্ছে কি না? কার সাথে সে মিশছে আপনার সন্তান? নেশা করছে কিনা? এগুলো আপনাকেই খোঁজ নিতে হবে। তিনি আত্মহত্যার প্রবণতা কমাতে, পড়াশোনার মান বৃদ্ধিতে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরে যত্নশীল হওয়ার পরামর্শ দেন। সেই সাথে আগামী ২০২৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের এখন থেকেই সচেতন হওয়ার আহবান জানান। বক্তব্য চলাকালে তিনি জানান, আগামীবার মানে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাদের পরীক্ষায় সুযোগ দেওয়ার বিষয়ে নিরুৎসাহিত করেন তিনি। জেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সকলকে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতার আহবান জানান।
পরে বক্তব্য শেষে জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার সেন্ট মাদার তেরেজা স্কুলের বিগত বছরের বৃত্তিপ্রাপ্ত শিশুদের সম্মাননা প্রদানে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন। পরবর্তীতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
পরে অতিথিবৃন্দ সেন্ট মাদার তেরেজা স্কুলের বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, স্কুল ডে উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে সেখানে বিদ্যালয়ের শিশু শিল্পীদের ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১২ই সেপ্টেম্বর শনিবার সেন্ট মাদার তেরেজা স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, স্কুল ডে, সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আরিফুল্লা।
মো: আসাদুজ্জামান আসাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩.০৯.২০২৬
