
মোঃ হাসান ফরাজী (বোরহানউদ্দিন):
ভোলার বোরহানউদ্দিনে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানার এসআই মোঃ আঃ গফফার হোসেন এর সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ জাহাঙ্গীর (৪৬) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক জাহাঙ্গীর পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত দিল মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম জোরদার করা হবে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান সমাজকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এ ধরনের কঠোর অবস্থান একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।
