ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুই দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুচারু ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাপ্ত কর্মপরিকল্পনা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তালিকা অনুযায়ী, প্রতিযোগিতাটি বিভিন্ন পর্বে বিভক্ত ছিল। প্রথম দিনে ২৯ জুলাই কোরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল (সা.), বাংলা কবিতা আবৃত্তি, ইংরেজি কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও নজরুল সংগীতের মতো আকর্ষণীয় ইভেন্টে পরিপূর্ণ ছিল। দ্বিতীয় দিন ৩০ জুলাইয়ে গীতা পাঠ, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, পল্লি গীতি, জারি গান, কৌতুক ও নৃত্য পরিবেশিত হয়।
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে নবম-দশম ও ষষ্ঠ-অষ্টম শ্রেণির জন্য উপস্থিত ও নির্ধারিত বক্তৃতায় চমৎকার কিছু বিষয় নির্ধারণ করা হয়েছিল। নবম ও দশম শ্রেণির জন্য নির্ধারিত উপস্থিত বক্তৃতা বিষয়গুলোর মধ্যে ছিল মাদকাসক্তি ও তার প্রতিকার, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন, স্মার্ট বাংলাদেশ এবং মানুষ মুহাম্মদ (সা.)। অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য উপস্থিত বক্তিতার নির্ধারিত বিষয়ে ছিল বাংলাদেশের লোকশিল্প, মোবাইল ফোনের আসক্তি, শিক্ষা জাতির মেরুদণ্ড, নৈতিকতা ও মূল্যবোধ এবং কবি আল মাহমুদ।
অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, আপ্যায়ন, মঞ্চ সাজসজ্জা, ফলাফল সংরক্ষণ এবং পুরস্কার ক্রয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সমন্বয়ে গঠিত বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে দক্ষতার সাথে পালন করা হয়। বিচারক প্যানেলে অভিজ্ঞ শিক্ষকবৃন্দের দায়িত্ব পালন প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে। প্যানেলে অন্তঃ ও বহিঃবিচারক অন্তর্ভুক্ত ছিলেন। অতিথি বিচারকদের মধ্যে ছিলেন মোহনা শিল্পীগোষ্টির পরিচালক শিল্পী মোঃ সাইফুল ইসলাম এবং প্রবাল শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আবু তৈয়ব আজাদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দের নিবিড় তত্ত্বাবধানে আয়োজিত এ সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে আরো বেশি উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
