

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
আত্মহত্যার প্রবণতা, মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দাকোপে সচেতনতামূলক র্যালি ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৩টার দিকে বাজুয়া চড়ার বাঁধে দাকোপ উপজেলা সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে আহ্বায়ক দেবব্রত সরদার, শিক্ষক ও সদস্য সচিব তুর্যয় সরদার উপস্থিত ছিলেন। বক্তব্য দেন কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বেনীমাধব বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন, শিক্ষক মনোহর চন্দ্র দেশী, প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত রায়, ব্যাংক কর্মকর্তা অরুপ গাইন, ব্যাংক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, কিশোর বর্মন, অ্যাডভোকেট রুহুল আমিন, রমেশ মিস্ত্রি, কৌশল্যা রায় ও মানস কুমার রায়সহ অনেকে।
বক্তারা বলেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। হতাশাগ্রস্ত ও সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে সচেতনতা ও সহমর্মিতার মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।
পরবর্তী কর্মসূচি হিসেবে দাকোপ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথক সচেতনতামূলক কর্মসূচি এবং প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ঘোষণা করা হয়।
মূল স্লোগান: “মাদক ছাড়ো, মাঠে চলো—খেলাধুলায় জীবন গড়ো।”
