
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চকরাজাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭নং চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মুলা খামারুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জগলু শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ মুখলেছুর রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে মুখলেছুর রহমান মুকুল বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা সাধারণ মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধারণ করে দেশের বর্তমান ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি এবং চকরাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম শফি বলেন, যুবসমাজই যেকোনো আন্দোলনের মূল চালিকাশক্তি। জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফার আলোকে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দলের মূল ভিত্তি মজবুত করতে হবে। আগামীর সব রাজপথের সংগ্রামে উপজেলা ও ইউনিয়ন যুবদল বিএনপিকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে চকরাজাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
