8th
মোঃ ওসমান গনি ইলিঃ কক্সবাজার।
দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কক্সবাজারে র্যালি, আলোচনা সভা, গণস্বাক্ষরতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পালস বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সুইস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতা এবং নাগরিকতা-জিএফএ-এর কারিগরি সহায়তা ছিল।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দান থেকে র্যালিটি শুরু হয়। গুনগাছতলা ও জেলা প্রশাসকের কার্যালয় হয়ে র্যালিটি কক্সবাজার পাবলিক লাইব্রেরি হলরুমে গিয়ে শেষ হয়। এতে নারী নেত্রী, রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকসহ প্রায় ৪০০ জন অংশ নেন।
পরে পাবলিক লাইব্রেরি হলরুমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি অধ্যাপক সৌমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান, বাপা-কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, পালস বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি হেলেনাজ তাহের, কক্সবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাকী এ কাউসারসহ সংশ্লিষ্টরা।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা ইসলাম। খান ফাউন্ডেশন ও ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্প বিষয়ে বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী ওমর খৈয়াম। অনুষ্ঠান সঞ্চালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. আবু ছালাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, দুর্নীতিবিরোধী এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকদের সমন্বয়ে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি সব দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা প্রয়োজন। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি খান ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানান।
আলোচনা সভা শেষে দুর্নীতি প্রতিরোধে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
পরে দ্বিতীয় অধিবেশনে কক্সবাজার শহীদ সুভাষ হলরুমে প্রচেষ্টা গণনাট্য দলের পরিবেশনায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক নাটক ও বিষয়ভিত্তিক গান পরিবেশন করা হয়। উপস্থিত দর্শকরা আগ্রহের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করেন।
আয়োজকরা জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের সম্পৃক্ততা এবং জবাবদিহিতামূলক সেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।
