

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার:
কক্সবাজারে পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন খান ফাউন্ডেশন এর প্রকল্প সমন্বয়কারী ওমর খৈয়ম। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী,পালস বাংলাদেশ নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী কলিম, এডভোকেট পিপি মোঃ ঈনূস, চেম্বার অফ কমাসের সভাপতি জাহানারা বেগম, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলিসহ আরো প্রমূখ্য।
‘Voices for Change Project’-এর আওতায় আয়োজিত এ মতবিনিময় সভার বাস্তবায়নে ছিল খান ফাউন্ডেশন এবং বাস্তবায়ন সহযোগিতায় ছিল পালস বাংলাদেশ সোসাইটি। প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং কানাডার অংশীদারত্বে পরিচালিত হচ্ছে।
সভায় পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, নারী আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ, আইনি সহায়তা এবং বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্টদের ভূমিকা ও সহযোগিতা নিয়ে মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবী, আইন প্রয়োগকারী সংস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সহজলভ্য আইনি সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং ন্যায়বিচারপ্রাপ্তির ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত দেন।
