
কানােইঘট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই সোহাগ চৌধুরী, এসআই কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কানাইঘাট পৌরসভার অন্তর্গত রায়গড় সাকিনস্থ পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিমে চতুলগামী পাকা রাস্তার ওপর মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহজনকভাবে চলাচলকারী আবু বক্করকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আবু বক্কর (২৪) কানাইঘাট থানাধীন নিজ চাউরা উত্তর গ্রামের মইন উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কানাইঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে অদ্য তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে তরুণ ও যুবসমাজসহ একটি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কানাইঘাট থানা এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।” তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদক বহনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে। ২২ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার তারই ধারাবাহিকতার অংশ। মাদকের সঙ্গে কোনো ব্যক্তি জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।” ওসি আমিনুল ইসলাম বলেন, “কানাইঘাটকে মাদকমুক্ত রাখতে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এজন্য অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক বিক্রি, সরবরাহ বা সেবনের তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এবং “মাদকের বিরুদ্ধে কানাইঘাট থানা পুলিশের অভিযান নিয়মিত ও চলমান থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে।
