
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা প্রতিনিধি | ৫ আগস্ট, ২০২৬, মঙ্গলবার
গাইবান্ধায় জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বিরুদ্ধে ‘বয়কট বয়কট এনসিপি বয়কট’ স্লোগান দিয়েছেন জুলাই যোদ্ধারা। বিক্ষোভের মুখে জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিসহ দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।
আজ বুধবার বেলা ১১টার দিকে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলামসহ নেতাকর্মীরা মিলনায়তনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জুলাই যোদ্ধারা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ‘বয়কট বয়কট এনসিপি বয়কট’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিক্ষোভের মুখে এনসিপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম আকাশ বলেন, আজ আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে আওয়ামী লীগের দোসররা আসলে সাধারণ জুলাই যোদ্ধারা বাধা দেবেই। খাদেমুল ইসলাম খুদি ও রাহাদ খোলস পাল্টে আওয়ামী লীগ থেকে এনসিপির নেতা হয়েছেন। তারা আমাদের গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে আসতে পারে না। মূলত আওয়ামী দোসরদের প্রবেশ নিষেধ করায় এই ঘটনা ঘটেছে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, “আমাদের ছাত্রশক্তির কমিটির পদ-পদবি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ ছিল। এ কারণে আমার প্রতি ক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ করেছে। এর সঙ্গে রাজনৈতিক ট্যাগের কোনো সম্পর্ক নেই।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, জুলাইযোদ্ধা আমিনুল হক, রিয়াদ হাসান প্রমুখ। সঞ্চালনা করেন এসএম শাওন।
সভায় বক্তারা ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। জুলাই যোদ্ধারা বলেন, ভাতা বা নামের জন্য নয়, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রক্ত দিয়েছেন।
এর আগে সকাল ১০টায় পৌরপার্কে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ১০টায় ইনডোর স্টেডিয়ামে ২৫২ জন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও একটি করে উন্নত জাতের আম গাছের চারা বিতরণ করা হয়।
ছবির ক্যাপশন: গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে জুলাই যোদ্ধাদের বাকবিতণ্ডা ও হাতাহাতির মুহূর্ত।
