
মো: নুরনবী বোরহানউদ্দিন (ভোলা):
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ মোট ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য সহকারীরা রবিবার (১৪/১২/২০২৫ ইং) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই আন্দোলন করছেন।
দীর্ঘদিন ধরে উপেক্ষিত ন্যায্য দাবিগুলো আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতির ডাক দেওয়ায় উপজেলার সব ধরনের আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র ও নিয়মিত স্বাস্থ্য রিপোর্টিং কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে করে শিশু ও জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচি অনিশ্চয়তার মুখে পড়ায় সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে।
আন্দোলনকারী স্বাস্থ্য সহকারীদের প্রধান ছয় দফা দাবিগুলো হলো:
১:নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডে স্নাতক সংযোজনসহ ১৪তম গ্রেড প্রদান।
২:ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া।
৩:পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪:সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা।
৫:বেতন স্কেল উন্নতি/পুনঃনির্ধারণের পূর্বে প্রাপ্ত টাইম স্কেল/উচ্চতর স্কেলসমূহ সমন্বয় করা।
৬:পূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা (এস আই টি) কোর্স সম্পন্নকারীদের ডিপ্লোমা সম্পন্নকারী সমমান হিসেবে গণ্য করা।
বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলে জানিয়েছেন। তাদের অভিযোগ, সরকারের উচ্চ পর্যায় থেকে একাধিকবার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, তৃণমূল পর্যায়ে শিশুদের ১০টি প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দিতে তারা প্রতিনিয়ত কাজ করেন, তবুও তারা টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্য থেকে বঞ্চিত।
স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির ফলে উপজেলার গ্রামীণ জনপদে ইপিআই কর্মসূচির আওতায় নিয়মিত টিকাদান ও অন্যান্য জনস্বাস্থ্য কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে শিশুদের টিকা প্রদানে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
বোরহানউদ্দিনের স্থানীয় স্বাস্থ্য সহকারীদের সংগঠন হুঁশিয়ারি দিয়েছে, শুধু আশ্বাস নয়, এবার দাবি বাস্তবায়নই তাদের আন্দোলন প্রত্যাহারের একমাত্র শর্ত।
