
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা সংবাদদাতা ।।
সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দীর্ঘ ৫১ বছর অতিক্রম করা জাতীয় দৈনিক দৈনিক সংগ্রাম-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবে এ কর্মসূচি পালিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শওকত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আনোয়ার হোসেন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের ভোলা জেলা প্রতিনিধি মোঃ খলিল আব্দুর রহমান হেলাল। তিনি বলেন, “দৈনিক সংগ্রাম কেবল একটি পত্রিকা নয়; এটি আদর্শিক সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন,
“দৈনিক সংগ্রাম তার সাংবাদিকতার মাধ্যমে জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের কথা দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছে। এই পথচলা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি ড. মোহাম্মদ জাকির হোসেন বলেন,
“আজকের তথ্যপ্রবাহের যুগে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। দৈনিক সংগ্রাম সে দায়িত্ব দীর্ঘদিন ধরে সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করছে।”
এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, এলডিসির জেলা সভাপতি বশির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ ইউনুস শরীফ, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, দৈনিক ভোলা নিউজ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, এসএ টেলিভিশনের প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এস এম জাকির, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার শরীফ হোসেন এবং বিজয় টেলিভিশনের প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত।
অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে ইন্সপেক্টর মোনায়েম উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক সংগ্রামের দীর্ঘ সাংবাদিকতা জীবন, সাহসী ভূমিকা ও আদর্শিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে দৈনিক সংগ্রামের উত্তরোত্তর অগ্রগতি, দেশের কল্যাণ এবং সাংবাদিক সমাজের ঐক্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দৈনিক সংগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সাহসী ও দায়িত্বশীল ভূমিকা রেখে আসছে।
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা সংবাদদাতা
