
বদরুদ্দোজা প্রধান,পঞ্চড়
উত্তরের জেলা পঞ্চগড়ে দুইদিনব্যাপী ছায়া সংসদ আজ শেষ হলো। তরুণ নেতৃত্বের বিকাশ, স্থানীয় উন্নয়নের প্রস্তাব গ্রহণ এবং নীতিনির্ধারণী আলোচনায় তরুণদের সম্পৃক্তকরণের লক্ষ্যে আয়োজিত এই সংসদীয় বিতর্কভিত্তিক অনুষ্ঠানে আটোয়ারী, পঞ্চগড় সদর এবং তেঁতুলিয়া উপজেলার প্রায় ২৫০ জন তরুণ অংশ নেন। অংশগ্রহণকারীরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে প্রতিনিধিত্ব করেন।
সংসদীয় কাঠামোয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মনিরুজ্জামান প্রত্যাশা এবং বিরোধীদলীয় নেতা ছিলেন জুই আক্তার। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন আহসানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক আশরাফুল ইসলাম রনি এবং ডেপুটি স্পিকার ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি।
শুক্রবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন। আয়োজক সূত্র জানায়, পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উদ্দীপনা ও সহযোগিতায় এ আয়োজন করা হয়। তরুণদের মতামত ও সুপারিশ সংকলন করে তা ভবিষ্যতে নীতিগত আলোচনায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও আয়োজকরা জানান।
আয়োজনটির পৃষ্ঠপোষকতায় ছিল পঞ্চগড় পাইওনিয়ারস। নলেজ পার্টনার হিসেবে ছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার ক্রিয়েটিভ সায়েন্স অলিম্পিয়াড বাংলাদেশ।
দুইদিনের আলোচনা, বিতর্ক ও প্রস্তাব বিনিময়ের মাধ্যমে তরুণদের নেতৃত্ব ও নাগরিক দায়িত্ববোধের প্রতি ইতিবাচক বার্তা রেখে সমাপ্ত হলো ছায়া সংসদের এই আয়োজন।
পঞ্চগড় প্রতিনিধি
১৭ জানুয়ারি ২৬
