
ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টার:-
দক্ষ জনশক্তি গঠনই দেশের টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর আইডিইবি মিলনায়তনে “দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সেমিনারে সভাপতিত্ব করেন আইডিইবি কেন্দ্রীয় আহবায়ক প্রকৌ. মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের , লিবার ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমদের, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূইঁয়া মঞ্জু,গন অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম-মহা সচিব প্রকৌ. আশরাফুল আলম সহ আইডিইবি ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের পর্যায়ের নেতা-কর্মী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় সদস্য সচিব প্রকৌ. সাখাওয়াত হোসেন সঞ্চালনায় সেমিনারে মূল পেপার উপস্থাপন করেন আইডিইবি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ।
বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। এজন্য কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর দক্ষ কর্মী গড়ে তোলা এখন সময়ের দাবি।
