
ঢাকা: লেজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে রাজধানীর লালমাটিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৬ এর দক্ষিণ অঞ্চল পর্ব। এতে পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা, মেধা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।
শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ফার্মেসির অ্যাক্টিং ডিন ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এ এফ এম ইউসুফ হায়দার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান, বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ তারেক উল্লাহ আখন্দ, এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আহমেদ জাহাঙ্গীর মাসুদ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে দক্ষিণ অঞ্চল থেকে মোট ৩০০ জন শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ের জন্য মনোনীত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ১৬ জানুয়ারি চট্টগ্রামের ফয়েজ লেকে জাতীয় পর্বে অংশ নেবে।
এই আয়োজন বিজ্ঞানমনস্ক ভবিষ্যৎ প্রজন্ম গড়ার পথে এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
