
মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার :
দীর্ঘ বিরতির পর রামু সরকারি কলেজে ফিরে এলো ছাত্র রাজনীতির প্রাণচাঞ্চল্য। সোমবার (১০ নভেম্বর) সকালে রামু কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয় নবীন বরণ ও আনন্দ উৎসব, যা ১৮ বছর পর কলেজ প্রাঙ্গণে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়।
জাতীয় ও দলীয় সংগীতের সুরে সূচনা হয় অনুষ্ঠানের। পরে নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দে মুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
বিশেষ অতিথি ছিলেন রামু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হক, রামু প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আহমদ সৈয়দ ফরমান।
সভাপতিত্ব করেন রামু কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস, এবং সঞ্চালনা করেন ছাত্রনেতা আব্দুল বাসেত মীর্জা।
এ সময় বক্তব্য দেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, যুগ্ম সম্পাদক মিজানুল আলম, ও ছাত্রনেতা মোর্শেদ আলম।
নবাগত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মোঃ শিহাব ও আবছারসহ আরও কয়েকজন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। পরে ‘তারুণ্যের উৎসব—সবার আগে বাংলাদেশ’ শিরোনামে ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় জমে ওঠে সাংস্কৃতিক পর্ব।
দীর্ঘ ১৮ বছর পর এমন আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। উপস্থিত সবাই জানান, এ আয়োজন শুধু নবীন বরণ নয়—এটি ছিল তারুণ্যের ঐক্য ও নতুন স্বপ্নের যাত্রা।
