*আলমগীর ইসলামাবাদী*
*চট্টগ্রাম জেলা প্রতিনিধি*
*তারিখ: ০২ আগষ্ট ২০২৬, আনোয়ারা, চট্টগ্রাম*
গত ৩০ জুলাই ২০২৬ তারিখে আনোয়ারা টানেল মোড়ে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনাসহ উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক দুর্ঘটনা ও জনদুর্ভোগের প্রতিবাদে এবং জনসাধারণের যৌক্তিক ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে *ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আনোয়ারা শাখা*’র উদ্যোগে টানেল মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে আনোয়ারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, সাধারণ জনতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
*মানবন্ধনে উত্থাপিত ৩ দফা দাবি*
মানববন্ধন থেকে বক্তারা আনোয়ারার মানুষের জান-মালের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে নিম্নোক্ত ৩ দফা দাবি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পেশ করেন:
1. *সড়ক নিরাপত্তা ও যানজট নিরসন:* টানেল মোড়সহ আনোয়ারার সকল যানজটপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ স্থানে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে। পাশাপাশি সকল যানবাহন ও চালকদের বৈধ লাইসেন্স নিশ্চিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
2. *স্বাস্থ্যসেবার উন্নয়ন:* আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করতে হবে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের মাধ্যমে জনগণের জন্য উন্নত ও মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
3. *স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিতকরণ:* আনোয়ারার সকল কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয় শ্রমিক ও যোগ্য জনশক্তিকে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ দিতে হবে। বহিরাগতদের প্রাধান্য দিয়ে স্থানীয়দের বঞ্চিত করা চলবে না।
*নেতৃবৃন্দের বক্তব্য*
মানববন্ধনে বক্তারা বলেন, “আনোয়ারা এখন শিল্প-কারখানা ও টানেলের কারণে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। কিন্তু সেই তুলনায় এখানকার অবকাঠামো, স্বাস্থ্য ও সড়ক ব্যবস্থা অত্যন্ত নাজুক। গত ৩০ জুলাই টানেল মোড়ের দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে অবহেলা আর কতদিন।”
আনোয়ারার সাধারণ মানুষের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলোকে সামনে এনে রাজপথে সোচ্চার হওয়ায় ছাত্র আন্দোলন, আনোয়ারা শাখার সভাপতি আবরারুল হক জাবের সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, “শ্রমিকদের অধিকার, কলকারখানায় স্থানীয়দের কর্মসংস্থান এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের মূল দায়িত্ব মূলত যুব/শ্রমিক আন্দোলন কিংবা সংশ্লিষ্ট মূল সংগঠনের। কিন্তু যখন জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল সংগঠনগুলো নীরব থাকে বা কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তখন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছাত্রসমাজের এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।”
*চূড়ান্ত ঘোষণা*
মানববন্ধনের শেষে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আনোয়ারার মানুষের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই গণদাবিকে আরও সুসংগঠিত ও জোরালোভাবে রাজপথে এগিয়ে নেওয়া হবে। জনগণের স্বার্থে, ন্যায়ের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ অবস্থানই হবে আমাদের শক্তি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ইনশাআল্লাহ।”
মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
